
সম্মানিত অভিভাবক/অভিভাবিকা,
কানুনগোপাড়া গ্রামের ক্ষণজন্মা প্রবাদ পুরুষ রত্নগর্ভা মুক্তকেশীর প্রথম সন্তান স্বর্গীয় রেবতী রমন দত্তের স্বপ্নে গড়া ঐতিহ্যবাহী কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়টি সুনামধর্মী গ্রামীন পরিবেশে মনোমুগ্ধকর স্থানে অবস্থিত একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। দেশ যখন পরাধীনতার শৃংখলে আবদ্ধ, চারদিকে নিরক্ষরতার ঘন তমসা বিরাজমান, শিক্ষা বিস্তারে কর্তৃপক্ষের ছিলনা কোন প্রয়াস, উচ্চ শিক্ষার জন্য ছিল না কোন সুযোগ, তখন অসাধারণ দেশপ্রেমিক, বিদ্যোৎসাহী, সংগঠক, দুঃসাহসী ও উদ্যোগী পুরুষ প্রয়াত রেবতী রমন দত্ত প্রতিষ্ঠা করেন এ বিদ্যাপীঠ ১৯৩১ সনে। প্রতিষ্ঠানের সুদক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মন্ডলীর সুষ্ঠু শিক্ষাদান ও নির্দেশনায় এবং বিজ্ঞ পরিচালনা পরিষদের সার্বিক সহযোগিতায় এ বিদ্যাপীঠটি ছড়িয়ে দিচ্ছে শিক্ষার আলো।
শিক্ষা একটি দর্শন। শিক্ষা হচ্ছে মনের চোখ, শিক্ষার পরিধি জীবনের মতই ব্যাপক। ইহা অনন্ত সাধনার সামগ্রী। শিক্ষার সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য ব্যক্তিত্ত্বের পূর্ণবিকাশ ও মনুষ্যত্বের উম্মেষ ঘটানো। শিক্ষা একটি ত্রিমুখী প্রক্রিয়া-শিক্ষার্থী, পরিবেশ ও অভিভাবক এবং শিক্ষক- শিক্ষিকা। এই ত্রিবিধ সম্পর্কের সঠিক সমন্বয়ে একজন শিক্ষার্থী তার জীবনের পরিপূর্ণতা লাভ করে। শিক্ষার্থীর সর্বাঙ্গীন উন্নতিকল্পে বছরের শুরু থেকেই চলতে থাকে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা ও কার্যক্রম। তৎমধ্যে শিক্ষাবর্ষ ডায়েরী (বিদ্যারণ্য) কার্যক্রম ও অন্তর্ভূক্ত। কেন না এটি হচ্ছে শিক্ষার্থীদের প্রাত্যহিক কর্মসূচীর এক বৈশিষ্ট্যপূর্ণ নির্দেশনা। এর মাধ্যমে উক্ত ত্রিবিধ সম্পর্ক স্থাপিত হয় এবং শিক্ষার্থীর মধ্যে নিয়মানুবর্তিতার বহিঃ প্রকাশ ঘটে।
আমার দৃঢ় বিশ্বাস এইটি শিক্ষার্থীদের পাঠ প্রস্তুতি, সহ পাঠক্রমিক কার্যাবলী এবং চরিত্র গঠনে যেমন পরম সহায়ক হবে তেমনটি আপনি আপনার ছেলের বিদ্যালয়ের উপস্থিতি, অনুপস্থিতি, পাঠোন্নতি, অবনতি, জ্ঞানার্জন, অনুসন্ধিৎসা, কর্মতৎপরতা ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে সচেতন থাকতে সক্ষম হবেন। তাছাড়া শিক্ষক/শিক্ষিকার মাধ্যমে আপনার সুচিন্তিত পরামর্শ ও মতামত লাভ করে শিক্ষার্থীদের সুষ্ঠু পাঠদান ও সুন্দর জীবন গঠনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার | সার্বিক বিকাশ সাধন, কৃতি ও সফল মানুষ এবং সুনাগরিক সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।
আসুন আমাদের সকলের সমন্বিত প্রচেষ্ঠা ও সুমহান দায়িত্ব পালনের মাধ্যমে জাতির আশা-আকাঙ্খা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ এই কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করে সুশিক্ষিত, দায়িত্ববোধ সম্পন্ন আদর্শ দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় শপথই হোক আমাদের অঙ্গীকার।
প্রধান শিক্ষক
কানুনগোপাড়া ড.বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়